ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের একদিন পরও দেশটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে উপকূলীয় শহর লা গুয়াইরায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫২০ জন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লা গুয়াইরার বাসিন্দা কার্লোস বোর্হেস জানান, স্থানীয়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী উদ্ধারকাজে সহায়তা করছেন। তবে ভারী কংক্রিটের ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তার ভাষ্য, পর্যাপ্ত সরঞ্জাম থাকলে আরও দ্রুত আটকে পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হতো।
উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবার একটি ধসে পড়া ভবনের ভেতর থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় নিখোঁজ এক কিশোরের মা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় আঘাত হানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র বিশ্লেষণ করে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থাগুলো সতর্ক করেছে যে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রশাসন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা, খাদ্য, বিশুদ্ধ পানি এবং আশ্রয় নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনিজুয়েলার জন্য দ্রুত মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত, কার্যকর এবং বৃহৎ পরিসরে সহায়তা দিতে প্রস্তুত।
উদ্ধারকারী দল, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সমন্বিতভাবে ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধান, চিকিৎসাসেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণে কাজ চলছে।
কসমিক ডেস্ক