বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের ছিল না; এটি ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি জনযুদ্ধ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে জিয়াউর রহমান ও তার অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। তার মতে, এই ধরনের প্রচেষ্টাই প্রমাণ করে যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একটি অনিবার্য চরিত্র।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা, সমালোচনা ও গবেষণা অবশ্যই হতে পারে, তবে এমন কিছু করা উচিত নয় যা এই ইতিহাসকে খাটো করে বা বিভ্রান্তি সৃষ্টি করে।
সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুলতান সালাউদ্দিন টুকু।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহসহ দলের শীর্ষ নেতারা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এবং অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেসারুল হক।
তারেক রহমান বলেন, অতীতকে ভুলে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি অতীত নিয়ে অতিরিক্ত চর্চা ভবিষ্যতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই ইতিহাসের প্রতি সম্মান রেখেই সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কসমিক ডেস্ক