পঞ্চগড়ে ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পঞ্চগড়ে ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
পঞ্চগড়ে ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১ ছবির ক্যাপশন:

উত্তরের জেলা পঞ্চগড়-এ ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টির তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এ ঘটনায় গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধা চাকাতি বালা পঞ্চগড় পৌরসভার চাঁনপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে বাড়ির পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে তার ঘরের ওপর পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে যান। পরে পরিবারের সদস্যরা গাছ কেটে তাকে উদ্ধার করলে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।

ঝড়ের তাণ্ডবে জেলার বোদা, আটোয়ারী ও সদর উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শত শত গাছ উপড়ে পড়ে সড়ক ও ঘরবাড়ির ওপর। এতে অনেক বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাত থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে সড়ক থেকে উপড়ে পড়া গাছ সরানোর কাজ শুরু করেন। এতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে শিলাবৃষ্টির কারণে কৃষিখাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। মরিচ, ভুট্টা, গম এবং পেঁয়াজের বীজসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। অনেকের ঘরের টিনের চালা শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে।

বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ে যাওয়ায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভাগ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানা গেছে।

ঝড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। পঞ্চগড় রেলস্টেশন এলাকার বাসিন্দা মইনুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি মাঝরাতে দুর্ঘটনার শিকার হন। পাশের একটি ভবনের ইটের দেয়াল ভেঙে তাদের ঘরের ওপর পড়ে যায়, এতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুস সালামের দুটি ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মানুষরা সরকারের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, গাছচাপায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে এবং দরিদ্র অসহায়দের সহায়তা করা হবে বলে তিনি জানান।

সব মিলিয়ে, হঠাৎ এই ঝড় ও শিলাবৃষ্টিতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দাঁড়িপাল্লায় ভোট মানেই সতিনের ঘর: ফরহাদ আজাদের মন্তব্য

দাঁড়িপাল্লায় ভোট মানেই সতিনের ঘর: ফরহাদ আজাদের মন্তব্য