চাপের মুখে পড়ে একটি দল এখন ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাপের মুখে পড়ে একটি দল এখন ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
চাপের মুখে পড়ে একটি দল এখন ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে ছবির ক্যাপশন:

জনগণের প্রবল চাপের মুখে পড়ে একটি রাজনৈতিক দল এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের কেউ ছাড় পাবে না। তার ভাষায়, প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এবং এই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো আত্মীয়তা, পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। শুধু অর্থ নয়, অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার ঘোষণা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ৭৭ বছরের পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে মুক্তি চায়। জনগণ আর সেই পুরোনো রাজনীতি দেখতে চায় না; তারা পরিবর্তন চায়। তার মতে, এবারের নির্বাচন হবে জনমানুষের নির্বাচন।

রাষ্ট্র গঠনে নারী ও পুরুষকে সমান সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে মা-বোনেরা নিরাপদ থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নারীদের সম্মান রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান। প্রয়োজনে জীবন দেওয়া হবে, কিন্তু মায়ের সম্মানে আঘাত সহ্য করা হবে না—এমন মন্তব্য করেন তিনি।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। তিনি বলেন, বেকাররা ভাতা নয়, কাজ চায়। রাষ্ট্র কাজের সুযোগ সৃষ্টি করবে, ভিক্ষানির্ভর ব্যবস্থা নয়।

এবারের নির্বাচনকে সাধারণ কোনো নির্বাচন নয়, বরং দেশ গড়ার নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রবল চাপেই পরিবর্তনের ঢেউ উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ও নির্বাচনে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

কৃষি খাতে অতীতের দমননীতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা একসময় ন্যায্য সারের দাবিতে গুলি চালিয়েছিল, তারাই এখন ফার্মার্স কার্ডের কথা বলছে। একই সঙ্গে বেকার ভাতা ও ফ্যামিলি কার্ডের নামে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে নিজের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তিনি বলেন, বক্তব্য পছন্দ না হলে বাদ দেওয়া যেতে পারে, তবে যা বলা হয়েছে সেটি বিকৃত করে প্রচার করা উচিত নয়।

জনসভায় অংশ নিতে ডা. শফিকুর রহমান ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে পৌঁছান। সার্কিট হাউস মাঠে পৌঁছালে তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বাগত জানান। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতির নতুন সমীকরণ

ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতির নতুন সমীকরণ