দেশজুড়ে সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশজুড়ে সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
দেশজুড়ে সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত ছবির ক্যাপশন:

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি পেট্রল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে জ্বালানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ম কমে আসবে।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৭ মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রল পাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

নতুন এই ব্যবস্থার আওতায় রাজধানী ও বন্দরনগরীতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্যদিকে, এসব এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের জন্য নির্দিষ্ট দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পাম্পগুলোর দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ শেষে তার তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি খাতে সাম্প্রতিক সংকট ও সরবরাহ ব্যবস্থার চাপে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এতে করে বাজারে তেলের সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ এবং অনিয়ম প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের কাজে বাধা মামলায় জামিনে মুক্ত মাহদী হাসান

পুলিশের কাজে বাধা মামলায় জামিনে মুক্ত মাহদী হাসান