সৌদি আরবে প্রথমবার হিন্দু রাষ্ট্রদূত নিয়োগ ভারতের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদি আরবে প্রথমবার হিন্দু রাষ্ট্রদূত নিয়োগ ভারতের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
সৌদি আরবে প্রথমবার হিন্দু রাষ্ট্রদূত নিয়োগ ভারতের ছবির ক্যাপশন: সৌদি আরবে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন কূটনীতিক বিপুল, ভাঙল দীর্ঘদিনের ঐতিহ্য।

সৌদি আরবে দীর্ঘদিনের কূটনৈতিক প্রথায় বড় পরিবর্তন এনে ১৯৪৮ সালের পর প্রথমবারের মতো একজন অমুসলিম কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক বিপুল, যিনি ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ১৯৯৮ ব্যাচের সদস্য।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল এর আগে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দুবাই, কায়রো ও জেনেভার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

দীর্ঘ প্রায় আট দশক ধরে সৌদি আরবে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে মুসলিম কূটনীতিক নিয়োগের একটি অলিখিত রীতি ছিল। এর প্রধান কারণ ছিল হজ ব্যবস্থাপনা এবং মক্কা–মদিনার মতো পবিত্র স্থানে সমন্বয় কার্যক্রম। প্রতি বছর ইন্দোনেশিয়ার পর সবচেয়ে বেশি প্রায় ১ লাখ ৭৫ হাজার ভারতীয় মুসলিম হজ পালন করেন। এই বৃহৎ জনগোষ্ঠীর ব্যবস্থাপনায় রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অমুসলিমদের প্রবেশের সীমাবদ্ধতা থাকায় অতীতে মুসলিম কূটনীতিকদের অগ্রাধিকার দেওয়া হতো। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে দ্রুত সমন্বয়ের প্রয়োজনীয়তা থেকে এই প্রথা চালু ছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র ক্যাডারে এই পদে যোগ্য মুসলিম কর্মকর্তার সংখ্যা কমে যাওয়ায় নতুন বাস্তবতা তৈরি হয়। একাধিকবার রাষ্ট্রদূতের মেয়াদ বাড়াতে হয়েছে এবং কিছু ক্ষেত্রে কূটনৈতিক পেশার বাইরের ব্যক্তিকেও নিয়োগ দিতে হয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমানে সৌদি আরব ভারতের জন্য শুধু হজ বা শ্রমবাজারের দেশ নয়, বরং জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের কেন্দ্র হয়ে উঠেছে। সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অধীনে দেশটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে, যেখানে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এই প্রেক্ষাপটে ধর্মীয় পরিচয়ের পরিবর্তে অভিজ্ঞতা, দক্ষতা ও কূটনৈতিক জ্যেষ্ঠতাকে গুরুত্ব দিয়ে বিপুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের এই সিদ্ধান্তকে দেশটির কূটনৈতিক ইতিহাসে একটি বাস্তববাদী ও কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ