চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে মারধর করে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মনির সরদারের আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হাতকড়া পরা অবস্থায় তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনার স্বৈরাচারের দোসররা তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের সময় কোনো ডকুমেন্ট দেখানো হয়নি। এ সময় তিনি “তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” স্লোগানও দেন।
ড্রেজার ব্যবসায়ীর এক কর্মচারী জানান, তাদের এক সহকর্মীর কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধরে নিয়ে মারধর করা হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ তাকে উদ্ধার করে। আহত কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম চুক্তিভিত্তিক বালু ভরাটের কাজ করছিলেন। উপজেলার শোলক ইউনিয়নে তিনি পাইপ বসিয়ে বালু ভরাটের কাজ শুরু করেন।
অভিযোগ রয়েছে, গত ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরে নিরুপায় হয়ে তিন দফায় এক লাখ টাকা দেওয়া হয়।
মামলায় আরও বলা হয়েছে, বাকি এক লাখ টাকা আদায়ের জন্য গত ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে অভিযুক্তরা যায়। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি মনির সরদারকে শনিবার রাতে ধামুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কসমিক ডেস্ক