রাজনৈতিক পক্ষপাত প্রমাণিত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজনৈতিক পক্ষপাত প্রমাণিত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
রাজনৈতিক পক্ষপাত প্রমাণিত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে বলেন, কোস্ট গার্ড কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করতে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। কোস্ট গার্ডসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি কোস্ট গার্ডের কার্যক্রমের প্রশংসা করে বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে তারা।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকারও প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে কোস্ট গার্ড প্রশংসনীয় অবদান রেখে চলেছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায়ও বাহিনীটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ কোস্ট গার্ডের প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে। তাই সব পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সহিংসতা ঠেকাতে নির্বাচনী কেন্দ্রে বাড়তি নজরদারি: আইজিপি

সহিংসতা ঠেকাতে নির্বাচনী কেন্দ্রে বাড়তি নজরদারি: আইজিপি