মধ্যরাতে সিলেটে উত্তেজনা: দুই কিশোরের দ্বন্দ্বে পাঁচ গ্রামের সংঘর্ষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মধ্যরাতে সিলেটে উত্তেজনা: দুই কিশোরের দ্বন্দ্বে পাঁচ গ্রামের সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
মধ্যরাতে সিলেটে উত্তেজনা: দুই কিশোরের দ্বন্দ্বে পাঁচ গ্রামের সংঘর্ষ ছবির ক্যাপশন:
ad728

সিলেটের টুকেরবাজার এলাকায় দুই কিশোরের ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথমে দুই কিশোরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে কুমারগাঁও ও সাহেবের গাঁও গ্রামের লোকজন পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে যায় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আশপাশের আরও তিনটি গ্রামের মানুষ এতে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন গুরুতরসহ মোট অন্তত ১৫ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে এবং পুরো এলাকা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে।

এসময় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে টুকেরবাজার এলাকার কয়েকটি দোকানপাটেও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং এলাকায় টহল জোরদার করা হয়।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এমন সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখতে গ্রামপ্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণে ঢাকায় শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণে ঢাকায় শোকসভা