ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ফেরিঘাটে যাত্রী নামানো-ওঠানো বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে। কোনো বাস যাত্রী নামানো ছাড়াই ফেরিতে উঠালে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে লাইসেন্স সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিটি ফেরিঘাটে সাইনবোর্ড ও মাইকিংয়ের মাধ্যমে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা মোকাবিলায় ট্রমা সেন্টারগুলো কার্যকরভাবে চালু রাখা হবে এবং হাসপাতালগুলোকে আগাম প্রস্তুত রাখা হবে যাতে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।
এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাত দিন আগে থেকেই মনিটরিং সেল চালু করা হবে। সিসিটিভি ও তথ্য সংগ্রহের মাধ্যমে মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে নতুন নিয়ম বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
কসমিক ডেস্ক