পিরোজপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
জেলার প্রধান দুটি ফিলিং স্টেশনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ রয়েছে, অন্যটিতে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। ফলে একটিমাত্র পাম্পের ওপর চাপ বেড়ে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
পরিস্থিতি সামাল দিতে মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে। তবে অকটেনের সরবরাহ না থাকায় চালকদের ভোগান্তি আরও বেড়েছে। অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে কর্মস্থলে যেতে পারছেন না বা বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
এদিকে অভিযোগ উঠেছে, পাম্পে সংকট থাকলেও স্থানীয় বাজারে প্লাস্টিকের বোতলে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে। এতে কালোবাজারির আশঙ্কা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফিলিং স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে তেল সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী চালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু ব্যক্তিগত ভোগান্তিই নয়, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
কসমিক ডেস্ক