জন্মের ২৭ বছর পর বাবার স্বীকৃতি পেলেন ছেলে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জন্মের ২৭ বছর পর বাবার স্বীকৃতি পেলেন ছেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
জন্মের ২৭ বছর পর বাবার স্বীকৃতি পেলেন ছেলে ছবির ক্যাপশন: ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্যতা প্রমাণের পর ২৭ বছর পর ছেলেকে স্বীকৃতি দেন বাবা।

দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটল চট্টগ্রামের এক যুবকের জীবনে। জন্মের পর কখনো বাবার সান্নিধ্য না পাওয়া এই যুবক অবশেষে তাঁর বাবার স্বীকৃতি পেয়েছেন। আদালতের নির্দেশে সম্পন্ন হওয়া ডিএনএ পরীক্ষায় পিতৃত্বের সত্যতা নিশ্চিত হওয়ার পর লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ে বাবা আনুষ্ঠানিকভাবে তাঁকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন।

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসীর সঙ্গে স্থানীয় এক নারীর বিয়ে হয়েছিল। তবে সন্তান জন্মের আগেই দাম্পত্য কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ওই ব্যক্তি বিদেশে চলে যান এবং দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন। অন্যদিকে সন্তানটি মায়ের পরিবারের তত্ত্বাবধানে বড় হতে থাকে।

শৈশব থেকে বাবার পরিচয় না পেয়ে বড় হওয়া যুবক একসময় নিজের পরিচয় জানার আগ্রহ অনুভব করেন। সমাজের নানা প্রশ্ন ও কটূক্তির মুখোমুখি হয়ে তিনি বাবার স্বীকৃতি পাওয়ার চেষ্টা শুরু করেন। কিন্তু দীর্ঘ সময়েও কোনো সমাধান না হওয়ায় ২০২৪ সালের জুন মাসে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) চট্টগ্রাম কার্যালয়ে আবেদন করেন।

মামলার শুনানির একপর্যায়ে আদালতের নির্দেশে মা, বাবা ও ছেলের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে প্রমাণিত হয় যে আবেদনকারীর দাবিই সঠিক। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে লিগ্যাল এইড কার্যালয়ে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।

গত মঙ্গলবার সেখানে আবেগঘন এক পরিবেশে বাবা ছেলেকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন। শুধু তাই নয়, সম্পত্তিতে উত্তরাধিকার নিশ্চিত করা, ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা প্রদান এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকারও করেন তিনি।

লিগ্যাল এইড কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাবা-ছেলের পুনর্মিলনের মুহূর্তটি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। দীর্ঘদিনের দূরত্ব ও বিরোধ ভুলে দুজন একে অপরকে আলিঙ্গন করেন।

স্বীকৃতি পাওয়ার পর যুবক জানান, এতদিন বাবার পরিচয় দিতে না পারায় নানা ধরনের সামাজিক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এখন বাবার স্বীকৃতি পাওয়ায় তিনি নতুন আত্মবিশ্বাস নিয়ে সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন বলে মনে করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বস্ত্রশিল্পের সংকট নিরসনে অর্থ উপদেষ্টা-বাণিজ্যমন্ত্রীকে নিয

বস্ত্রশিল্পের সংকট নিরসনে অর্থ উপদেষ্টা-বাণিজ্যমন্ত্রীকে নিয