কেমন হবে সিয়াম আহমেদের ‘রাক্ষস’-এর গল্প? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কেমন হবে সিয়াম আহমেদের ‘রাক্ষস’-এর গল্প?

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
কেমন হবে সিয়াম আহমেদের ‘রাক্ষস’-এর গল্প? ছবির ক্যাপশন: নতুন সিনেমা ‘রাক্ষস’-এ চিত্রনায়ক সিয়াম আহমেদ—ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পোস্ট-প্রোডাকশন বা সম্পাদনার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

‘বরবাদ’ খ্যাত এই নির্মাতা জানান, বর্তমানে সিনেমাটির এডিটিং ও ডাবিংয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “এখন সিনেমার পোস্ট-প্রোডাকশনের শেষ ধাপ চলছে। এডিটিং ও ডাবিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি। কাজ শেষ হলে এটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।”

সিনেমাটির প্রচারণা কার্যক্রমও ধীরে ধীরে শুরু হয়েছে। সম্প্রতি প্রচারণার অংশ হিসেবে সিয়াম আহমেদের একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। নির্মাতা জানিয়েছেন, চলতি সপ্তাহেই সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হতে পারে।

গত বছরের ডিসেম্বরে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়। তবে শুধু দেশেই নয়, সিনেমাটির একটি বড় অংশের চিত্রায়ন হয়েছে শ্রীলঙ্কায়। নির্মাতার মতে, আন্তর্জাতিক লোকেশনে চিত্রায়নের মাধ্যমে সিনেমাটিকে আরও বৈচিত্র্যময়ভাবে উপস্থাপন করা হয়েছে।

সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। নির্মাতার দাবি, এই দুই তারকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পেতে সাহায্য করবে।

সিনেমার গল্প প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় বলেন, “অনেক দিন ধরে বড় পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ মূলত একটি পাগলাটে প্রেমের গল্প। এর সঙ্গে রয়েছে পারিবারিক নাটক।”

তিনি জানান, সিনেমাটিতে প্রেম, আবেগ এবং সম্পর্কের জটিলতার পাশাপাশি অ্যাকশন ও সংঘাতের উপাদানও রয়েছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, তার আগের সিনেমা ‘বরবাদ’-এর তুলনায় ‘রাক্ষস’-এ অ্যাকশন ও সহিংসতার মাত্রা আরও বেশি।

তিনি বলেন, “বরবাদ সিনেমার চেয়ে এই ছবিতে প্রায় তিনগুণ বেশি ভায়োলেন্স রয়েছে। তবে সবকিছুই গল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্বাস করি দর্শক এটিকে ভালোভাবে গ্রহণ করবেন।”

নির্মাতা আরও জানান, সিনেমাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দর্শক একবার দেখার পর আবার দেখতে আগ্রহী হন।

এবারের ঈদে দেশের সিনেমা হলে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’, আফরান নিশো অভিনীত ‘দম’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’।

একই সময়ে এতগুলো বড় সিনেমা মুক্তি পাওয়ায় সিনেমা হল পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও নির্মাতা মেহেদী হাসান হৃদয় বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন।

তার মতে, একাধিক বড় সিনেমা একসঙ্গে মুক্তি পেলে দর্শকদের আগ্রহও বাড়ে এবং সিনেমা শিল্পের জন্য তা ইতিবাচক।

তিনি বলেন, “আমরা প্রতিযোগিতাকে ইতিবাচকভাবে দেখছি। ভালো সিনেমা হলে দর্শক অবশ্যই তা দেখতে আসবেন।”

সব মিলিয়ে নির্মাতার আশা, ‘রাক্ষস’ সিনেমাটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের আবেগেও স্পর্শ করবে।

ডিএ


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদের নীতিতেই চলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি

জুলাই সনদের নীতিতেই চলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি