চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং বর্তমান অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উন্নয়নের পথে ফিরবে বাংলাদেশ। তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশের চলমান সংকটের কোনো সমাধান সম্ভব নয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি বর্তমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন।
ড. জালাল উদ্দিন বলেন, বর্তমানে দেশ এক ধরনের ধ্বংসাত্মক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও কর্মসংস্থানের ক্ষেত্রগুলো স্থবির হয়ে পড়েছে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় না এলে এই অচলাবস্থা থেকে দেশকে উদ্ধার করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, “দেশ বাঁচাতে এবং নিজেদের স্বার্থে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসালেই বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং অর্থনীতির চাকা সচল হবে।”
নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথাও তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং দেশের প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
পথসভায় বিএনপি নেতা সাদেক হোসেনের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে স্থানীয় জনগণের সমর্থন কামনা করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিএনপির নির্বাচনী বার্তা এলাকায় ছড়িয়ে দেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে অর্থনীতি ও সরকার পরিবর্তনের ইস্যু সামনে রেখে দেওয়া এই বক্তব্য ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে।
কসমিক ডেস্ক