সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, যারা নিজেদের শিকড় ভুলে যায়, ইতিহাস তাদের শিক্ষা দিতে বারবার ফিরে আসে। তিনি বলেন, যারা শিকড় ভুলে যায়, তাদের শিকড় উপড়ে ফেলতে ৫ আগস্টের মতো দিন ইতিহাসে বারবার ফিরে আসে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুর এলাকার মন্ডলপাড়ায় পদ্মকোল খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেকেই প্রশ্ন তোলেন কেন সরকারের মন্ত্রী ও জনপ্রতিনিধিরা মাঠে-ঘাটে গিয়ে খাল খনন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নের সঙ্গে মানুষের শিকড় ও বাস্তবতার সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখতে হলে মাঠে কাজ করতে হবে এবং স্থানীয় মানুষের সমস্যাগুলো সরাসরি বুঝতে হবে।
ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদের শিকড় ভুলে গেলে চলবে না।
তিনি বলেন, দেশের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা মানুষকে মনে করিয়ে দেয় যে শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়া কখনোই ভালো ফল বয়ে আনে না।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে।
তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির মতো বড় একটি প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নেওয়া সম্ভব হয়েছে সরকারের দৃঢ় ইচ্ছার কারণেই।
তিনি আরও বলেন, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ধরনের উদ্যোগ দেশের কৃষকদের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
এই কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ পদ্মকোল খাল খনন করা হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও সংকুচিত হয়ে পড়েছিল, যার ফলে স্থানীয় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছিল।
খালটি পুনঃখনন করা হলে কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিকভাবে মাছের উৎপাদনও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া জলাবদ্ধতা কমিয়ে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এই খাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কসমিক ডেস্ক