রংপুরে বিএনপির জনসভায় প্রধান অতিথি তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রংপুরে বিএনপির জনসভায় প্রধান অতিথি তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
রংপুরে বিএনপির জনসভায় প্রধান অতিথি তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘ দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর নগরীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টার দিকে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

এই জনসভাকে কেন্দ্র করে রংপুরজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা নগরীতে আসতে শুরু করেছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, জুমার নামাজের পর জনসমাগম আরও বাড়তে পারে।

সরেজমিনে দেখা গেছে, কালেক্টরেট ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সুবিধার্থে মাঠের ভেতর ও আশপাশের এলাকায় একাধিক ডিজিটাল এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মাইক ও স্ক্রিন বসানো হয়েছে, যাতে দূরবর্তী স্থান থেকেও জনসভার বক্তব্য শোনা ও দেখা যায়।

জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, পুরো জনসভা এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ এবং ভবনের ছাদে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন প্রবেশপথ ও তল্লাশিচৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, জনসভা এলাকা ও তারেক রহমানের চলাচলের পথগুলো নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রংপুর অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জনসভায় তার প্রতিফলন দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বৃহত্তর রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিমানবন্দর চালু, ভারী শিল্পে গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গঠন এবং শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপনের দাবিসহ একাধিক বিষয় তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী থেকে উত্তরাঞ্চল সফর শুরু করেন তারেক রহমান। এরই মধ্যে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় পৃথক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন