দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৭৩৩ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৮৫ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে মোট এক লাখ ৩৩ হাজার ৬৩৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় ১৬ হাজার ৭৪০ জনের হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১১ হাজার ৫৮৭ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদান, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এর সংক্রমণ ও জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ কারণে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কসমিক ডেস্ক