জামায়াত নেতার নির্দেশে ভোটের সিল তৈরির অভিযোগ, লক্ষ্মীপুরে প্রিন্টিং ব্যবসায়ী গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত নেতার নির্দেশে ভোটের সিল তৈরির অভিযোগ, লক্ষ্মীপুরে প্রিন্টিং ব্যবসায়ী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
জামায়াত নেতার নির্দেশে ভোটের সিল তৈরির অভিযোগ, লক্ষ্মীপুরে প্রিন্টিং ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল প্রস্তুতের অভিযোগে এক প্রিন্টিং ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি ভোটের সিলসহ বিভিন্ন আলামত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তবে মামলার অপর আসামি জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে সোহেল রানা ও সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রিন্টার্স’-এর স্বত্বাধিকারী। অপরদিকে সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্ছানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মারইয়াম প্রিন্টার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক সোহেল রানার দেওয়া তথ্য এবং হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে মামলার আসামি করা হয়। এজাহার অনুযায়ী, শরীফ গত ৩০ জানুয়ারি সোহেল রানার কাছে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন এবং এ সংক্রান্ত একটি ভয়েস ম্যাসেজ পাঠান। পুলিশের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের লক্ষ্যে এসব সিল প্রস্তুত করা হচ্ছিল।

এ ঘটনায় মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াত পৃথকভাবে সংবাদ সম্মেলন করে। বিএনপির সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী বলে দাবি করেন।

অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, আটক সোহেল জামায়াতের কোনো কর্মী নন।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, আটক সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার কাছ থেকে আদালতের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না: তারেক র

একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না: তারেক র