পাকিস্তানের বেলুচিস্তানে রক্তক্ষয়ী অভিযান, নিহত ১৯ সশস্ত্র সদস্য ও ১১ নিরাপত্তাকর্মী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানের বেলুচিস্তানে রক্তক্ষয়ী অভিযান, নিহত ১৯ সশস্ত্র সদস্য ও ১১ নিরাপত্তাকর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
পাকিস্তানের বেলুচিস্তানে রক্তক্ষয়ী অভিযান, নিহত ১৯ সশস্ত্র সদস্য ও ১১ নিরাপত্তাকর্মী ছবির ক্যাপশন:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে মোট ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

বুধবার এন-২৫ মহাসড়কের ঝাও ক্রস ও কারারো এলাকার মধ্যবর্তী অংশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তা সূত্রের দাবি, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

অভিযান চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৯ জন সশস্ত্র সদস্য নিহত হন। একই সময়ে পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য প্রাণ হারান।

সংঘর্ষ শেষ হওয়ার পর আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং বেলুচিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি প্রদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার গভীর রাতে বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। সাম্প্রতিক এসব হামলাকে কেন্দ্র করে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মেক্সিকোর বিপক্ষে জিততে ‘গেম ম্যানেজমেন্ট’ জোর দিলেন র‍্যাশফ

মেক্সিকোর বিপক্ষে জিততে ‘গেম ম্যানেজমেন্ট’ জোর দিলেন র‍্যাশফ