সিলেট নগরের বালুচর এলাকায় এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুনবাজার সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির নিচতলার একটি স্টোররুম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু শিতাব (৪০) এবং মো. মহর আলী (২৪)। তারা বালুচর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
অভিযানে ৪৫০ লিটারেরও বেশি পরিমাণ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মোট ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব।
অভিযান শেষে র্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় একটি গোপন মদের গুদাম পরিচালিত হওয়ার তথ্য তাদের কাছে ছিল। তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সম্প্রতি গুদামটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করার পর অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া আলামত আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাবের দাবি, অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কসমিক ডেস্ক