জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, ভোটাধিকার রক্ষার প্রশ্নে আসন্ন নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ ক্ষেত্রে জনগণকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।

সোমবার রাজধানীর শাহবাগ থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে রয়েছে। এই সময়কালে দলের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন। এত ত্যাগের পর যখন একটি নির্বাচন সামনে এসেছে, তখনই আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনের মধ্য দিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে এবং আজ দলটি জনগণের শক্তিতে বলীয়ান। বিএনপির জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী এখন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন মির্জা আব্বাস।

একই দিন তিনি ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। ২১ নম্বর ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলিতে গণসংযোগ করেন তিনি। বিকেলে বিজয়নগর স্কাউট মার্কেটে নির্বাচনী প্রচারণার একটি ক্যাম্প উদ্বোধন করেন এবং বিজয়নগর বড় রাস্তায় আয়োজিত পিঠা উৎসবে অংশ নেন। রাতে পল্টন কমিউনিটি সেন্টারে বারভিডাসহ পাঁচটি ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে মির্জা আব্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, দলের নেতৃত্বে কখনো শূন্যতা তৈরি হয়নি। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দায়িত্বশীলভাবে দল পরিচালনা করছেন বলে মন্তব্য করেন তিনি।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরই সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। ভবিষ্যতে তরুণরাই উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা আব্বাস।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিক

আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিক