দুর্গাপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান, ৩৫ দোকান উচ্ছেদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুর্গাপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান, ৩৫ দোকান উচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
দুর্গাপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান, ৩৫ দোকান উচ্ছেদ ছবির ক্যাপশন:

নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে সড়কের জায়গা দখল করে নির্মিত ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের উৎরাইল এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনা সড়কের জায়গা সংকুচিত করে ফেলেছিল এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

এ কারণে প্রশাসন এবং সওজ বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত এসব দোকান ও স্থাপনা ভেঙে ফেলে জায়গা দখলমুক্ত করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে নির্মিত ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

সরকারি জমি দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সড়ক ও জনপদের জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

অন্যদিকে নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, সওজ বিভাগের জমি চিহ্নিত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অনেক জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা তৈরি করে সরকারি জমি দখল করে রাখা হয়েছিল।

এসব দখলদারিত্বের কারণে সড়কের জায়গা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল।

এ অবস্থায় সওজ বিভাগের উদ্যোগে প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সওজের জমি পর্যায়ক্রমে দখলমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের জায়গা দখল করে দোকানপাট নির্মাণের কারণে অনেক সময় যান চলাচলে সমস্যা সৃষ্টি হতো।

অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে এখন সড়কের জায়গা কিছুটা প্রশস্ত হবে এবং যান চলাচল সহজ হবে বলে তারা আশা করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি চালানো হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাষ্ট্রের দায়িত্বহীনতার প্রতিফলন: গণমাধ্যমে হামলায় সম্পাদক প

রাষ্ট্রের দায়িত্বহীনতার প্রতিফলন: গণমাধ্যমে হামলায় সম্পাদক প