বর্তমান ব্যস্ত জীবনযাত্রা, মানসিক চাপ এবং অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অনিদ্রা এখন একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। অনেকেই বিছানায় শুয়ে দীর্ঘ সময় কাটালেও ঘুমাতে পারেন না। এই সমস্যার সমাধানে সম্প্রতি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে Military Sleep Method।
এই পদ্ধতিটি মূলত একটি রিল্যাক্সেশন টেকনিক, যা শরীর ও মনকে দ্রুত শিথিল করতে সাহায্য করে। ধারণা করা হয়, যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিবেশেও সেনাদের দ্রুত ঘুমানোর জন্য এই কৌশলটি তৈরি করা হয়েছিল। এতে জোর করে ঘুম আনার চেষ্টা না করে শরীরকে স্বাভাবিকভাবে ঘুমের জন্য প্রস্তুত করা হয়।
এই পদ্ধতিটি কয়েকটি ধাপে অনুশীলন করতে হয়। প্রথমে একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে—ঘরের আলো কমিয়ে বা নিভিয়ে শান্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এরপর মুখের পেশিগুলো, বিশেষ করে চোখ, চোয়াল ও কপাল সম্পূর্ণ শিথিল করতে হবে।
পরবর্তী ধাপে কাঁধ ও হাতকে চাপমুক্ত রেখে আলগা করে শরীরের পাশে রাখতে হয়। একইভাবে পায়ের পেশিগুলোও ধীরে ধীরে শিথিল করতে হবে, যেন পুরো শরীর ভারমুক্ত অনুভূত হয়। এরপর ধীরে ধীরে গভীর শ্বাস-প্রশ্বাস নেওয়া ও ছাড়ার মাধ্যমে মনকে শান্ত করতে হয়। এই সময় মাথার ভেতরের অপ্রয়োজনীয় চিন্তা দূরে সরিয়ে ফেলার চেষ্টা করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি নিয়মিত অনুশীলন করলে ঘুমের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে। তবে প্রথম দিনেই সবার ক্ষেত্রে সমান ফল নাও পাওয়া যেতে পারে।
এছাড়া ভালো ঘুমের জন্য Sleep Hygiene মেনে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন—ঘুমানোর কয়েক ঘণ্টা আগে চা বা কফি এড়িয়ে চলা এবং বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার না করা।
সব মিলিয়ে, নিয়মিত চর্চা ও স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে ‘মিলিটারি স্লিপ মেথড’ অনিদ্রা দূর করতে একটি কার্যকর সমাধান হতে পারে।
কসমিক ডেস্ক