নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নোটিশ পাওয়া রাজনৈতিক দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সাতটি দল সেই হিসাব জমা দেয়নি।

এ কারণে গত ১৬ মার্চ নির্বাচন কমিশন প্রথম দফায় চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে ব্যয়ের বিবরণী দাখিলের অনুরোধ জানায়। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ পাঠিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দেওয়ার জন্য আবারও সময় নির্ধারণ করা হয়। কিন্তু দ্বিতীয় দফার নির্ধারিত সময়সীমা শেষ হলেও দলগুলো কমিশনে প্রয়োজনীয় ব্যয়ের হিসাব জমা দেয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে অতিরিক্ত সময় দিতে পারে। এরপরও যদি দলটি ব্যয়ের হিসাব দাখিল করতে ব্যর্থ হয়, তাহলে তাদের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।

সর্বশেষ পাঠানো কারণ দর্শানোর নোটিশে সংশ্লিষ্ট সাতটি দলের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ১০ হাজার টাকা জরিমানাসহ ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক প্রশান্ত তামাং আর নেই

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক প্রশান্ত তামাং আর নেই