যশোরের ঝিকরগাছা উপজেলা-তে চলমান জ্বালানি তেল সংকট মোকাবিলায় জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবী ও নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তেল সংকট ও অস্বাভাবিক চাহিদার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও জনভোগান্তি সৃষ্টি হওয়ায় সরকারি-বেসরকারি অফিসগামী কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। তাই তাদের দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতি পাম্পে তেলের মজুদ থাকায়, জরুরি পেশায় নিয়োজিত চিকিৎসক, পুলিশ, সাধারণ চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন তৈরি করতে হবে অথবা অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তবে এই সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের অবশ্যই বৈধ পরিচয়পত্র দেখাতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, পাম্প মালিক ও ম্যানেজাররা এই বিজ্ঞপ্তি দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন এবং তেলের অপচয় রোধ, অবৈধ মজুদ প্রতিরোধ ও সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান, “জরুরি পেশাজীবীরা যাতে তেলের লাইনে দীর্ঘ সময় ব্যয় না করে দ্রুত কর্মস্থলে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে।”
স্থানীয় সূত্র জানিয়েছে, ঝিকরগাছার সব এলাকায় বর্তমানে তেলের জন্য ব্যাপক ভোগান্তি চলছে এবং প্রতিটি পাম্পে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। প্রশাসন সতর্ক করেছেন, কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না।
এই অগ্রাধিকার ভিত্তিক তেল সরবরাহ ব্যবস্থা তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে, যাতে জরুরি সেবা প্রদানকারীদের ভোগান্তি কিছুটা লাঘব করা যায়।
কসমিক ডেস্ক