নির্বাচিত হলে পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণের ঘোষণা প্রার্থীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচিত হলে পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণের ঘোষণা প্রার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
নির্বাচিত হলে পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণের ঘোষণা প্রার্থীর ছবির ক্যাপশন:
ad728

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে পুলিশ তাঁর অনুমতি ছাড়া কারও বাড়িতে যেতে পারবে না—এমন মন্তব্য করেছেন আসনটির ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ উপজেলায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই জনসভায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পুলিশি তৎপরতা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে। তাঁর ভাষায়, “ইনশা আল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারও বাড়িতে যেতে পারবে না। যাঁর বাড়িতে যাবে, তাঁর বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। কোনো দারোগা সাহেব প্রমাণ ছাড়া কারও বাড়িতে ঢুকতে পারবেন না।”

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১–দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়লাভ করে রাষ্ট্রক্ষমতায় যাবে বলে তাঁরা আশাবাদী।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে নির্বাচিত হলে আধুনিক, নিরাপদ ও হয়রানিমুক্ত গোলাপগঞ্জ–বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সিলেট অঞ্চলের মানুষের আত্মসম্মানবোধ অত্যন্ত প্রবল। তাঁর দাবি, “কারও বাড়িতে পুলিশ যাওয়া মানে সামাজিকভাবে তাকে অপমানিত করা। অথচ কিছু অসাধু চক্র দারোগাদের ব্যবহার করে মামলার নামে বাণিজ্য করছে।”

পুলিশি হয়রানি ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন নিরাপদে ব্যাংক থেকে টাকা তুলে কিংবা বাজার করে বাড়ি ফিরতে পারে, সে নিশ্চয়তা দিতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তাঁর বক্তব্যে দাবি করা হয়, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা নিরাপদ নয়।

এ সময় সেলিম উদ্দিন স্থানীয় রাজনীতিতে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ তুলে বলেন, বাড়ি নির্মাণ, দোকান খোলা কিংবা ব্যবসা শুরু করতে গিয়ে অনেককে রাজনৈতিক চাপে পড়তে হয়। তাঁর ভাষায়, “কেউ যদি নিরীহ ব্যবসায়ী বা সাধারণ মানুষের ওপর হাত তোলে, সেটাকে আমি আমার ওপর হাত তোলার শামিল মনে করব। এর বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সভায় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতির রাজনীতি আর চলবে না। নির্বাচিত হলে জনগণের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক মর্যাদা রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শতবর্ষের পুরোনো গোপনীয়তা আইনে ফিরতে চায় অন্তর্বর্তী সরকার

শতবর্ষের পুরোনো গোপনীয়তা আইনে ফিরতে চায় অন্তর্বর্তী সরকার