হত্যাকে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, গ্রেফতার ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হত্যাকে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
হত্যাকে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, গ্রেফতার ১ ছবির ক্যাপশন:

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম (২৬) হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটনের দাবি করেছে পুলিশ। তদন্তের ভিত্তিতে নিহতের জা কাজী সুমাইয়া হোসেন মিনা (২৩)-কে গ্রেফতার করা হয়েছে। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই গভীর রাতে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা এলাকার একটি বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ, ক্রাইম সিন সংরক্ষণ এবং তদন্ত কার্যক্রম শুরু করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।

ঘটনার পরদিন নিহতের বাবা কবির হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর জেলা পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলের আলামত, সাক্ষ্য, প্রযুক্তিগত তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেয়।

তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে নিহতের জা কাজী সুমাইয়া হোসেন মিনাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রতিহিংসার জেরে গৃহবধূ রিগান আক্তার মিমকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। পরে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, হত্যার দায় এড়াতে অভিযুক্ত ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন। তবে তদন্তে প্রকৃত ঘটনা সামনে আসে এবং দ্রুত রহস্য উদঘাটন সম্ভব হয়।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম আদালতে প্রয়োজনীয় আলামত, সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি উপস্থাপন করেছেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিহত রিগান আক্তার মিমের পরিবারে রয়েছে দুই ছোট সন্তান—আড়াই বছর বয়সী কন্যা সাইফা এবং চার মাস বয়সী ছেলে সিরাজ। ঘটনার সময় তাদের বাবা কর্মসূত্রে ঢাকায় ছিলেন। বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য এবং কয়েকজন শিশু অবস্থান করছিলেন।

পুলিশ বলছে, আধুনিক প্রযুক্তি, আলামত বিশ্লেষণ এবং সাক্ষ্য-প্রমাণের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। তদন্ত শেষ হলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোট যত এগোবে, বিজয় তত নিশ্চিত হবে: আবুল হাসনাত আবদুল্লাহ

ভোট যত এগোবে, বিজয় তত নিশ্চিত হবে: আবুল হাসনাত আবদুল্লাহ