শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত ছবির ক্যাপশন:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী, স্ত্রী এবং তাদের মাত্র ৯ মাস বয়সী ছেলে। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের ৯ মাস বয়সী ছেলে নুরও মারা যায়।

দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, যানটি শনাক্ত ও জব্দ করতে অভিযান চলছে।

এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে যানবাহনের উচ্চগতি এবং নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পথচারীদের নিরাপদ পারাপারের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘মব কালচার’ থেকে সরে আসার তাগিদ পানিসম্পদমন্ত্রীর

‘মব কালচার’ থেকে সরে আসার তাগিদ পানিসম্পদমন্ত্রীর