গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় দুর্ভোগ, পানির মধ্যে দিয়েই স্কুলে যাতায়াত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় দুর্ভোগ, পানির মধ্যে দিয়েই স্কুলে যাতায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় দুর্ভোগ, পানির মধ্যে দিয়েই স্কুলে যাতায়াত ছবির ক্যাপশন:

নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষা মৌসুম এলেই শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাওয়া যেন এক কঠিন সংগ্রামে পরিণত হয়। বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের রাস্তা সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যাওয়ায় ১৩২ জন শিক্ষার্থীকে প্রতিদিন হাঁটুপানি পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর দেখা যায়, শিক্ষার্থীরা হাঁটুপানি মাড়িয়ে বাড়ি ফিরছে। কারও জামা-কাপড় ভিজে গেছে, কারও হাতে-পায়ে কাদা। অনেকেই বই-খাতা ভিজে যাওয়ার আশঙ্কায় স্কুলব্যাগ মাথার ওপর বা কাঁধে তুলে এবং জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করছে।

স্থানীয়দের ভাষ্য, এটি কোনো দুর্গম হাওর বা চরাঞ্চল নয়; উপজেলা সদর থেকেও খুব বেশি দূরে নয় বিদ্যালয়টি। তবুও বছরের পর বছর শিক্ষার্থীদের এমন দুর্ভোগের স্থায়ী সমাধান হয়নি।

অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন পানি পেরিয়ে যাতায়াতের কারণে বই-খাতা ও পোশাক নষ্ট হচ্ছে। পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে। ছোট শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কয়েক বছর ধরে বিদ্যালয়সংলগ্ন এলাকায় কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুধু রাস্তা নয়, বিদ্যালয়ের পুকুরসংলগ্ন একটি ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সময়মতো সংস্কার না হলে ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান হয়নি। অথচ এই রাস্তা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক নয়, আশপাশের গ্রামের মানুষও ব্যবহার করেন।

গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘বিদ্যালয়ে উপস্থিতির হার ধরে রাখতে শিক্ষার্থীরা প্রতিকূলতা উপেক্ষা করেই স্কুলে আসছে। কিন্তু নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একটি বিদ্যালয়ে পৌঁছাতে যদি প্রতিদিন হাঁটুপানি পেরোতে হয়, তবে তা শুধু একটি গ্রামের সমস্যা নয়, এটি শিক্ষা অবকাঠামোর দুর্বলতারও প্রতিচ্ছবি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি সরেজমিনে দেখেছি। শিশুরা খুব কষ্ট করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা ৩৪টি বিদ্যালয়ের নতুন রাস্তা নির্মাণের চাহিদা ইউএনও কার্যালয়ে পাঠিয়েছি। দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি।’

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, উপজেলায় অন্তত ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াতব্যবস্থায় সমস্যা রয়েছে। এর মধ্যে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও প্রশাসনের নজরে এসেছে। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি—শুধু আশ্বাস নয়, দ্রুত রাস্তা সংস্কার এবং স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা হোক।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যেভাবে তৈরি হচ্ছে নকল দুধ

যেভাবে তৈরি হচ্ছে নকল দুধ