দেশের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং আন্তঃসংযুক্ত করতে ১ জুলাই থেকে সারাদেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’। নতুন এই সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা চালুর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই যেকোনো ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে অর্থ পরিশোধ করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক ক্যাম্পেইন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলা কিউআর চালুর ফলে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে এবং নগদ অর্থের ব্যবহার কমে আসবে। পাশাপাশি প্রতারণা কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এতদিন ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর কোড প্রদর্শন করতে হতো। ফলে গ্রাহকদেরও লেনদেনের সময় নির্দিষ্ট সেবার কিউআর কোড খুঁজে নিতে হতো। বাংলা কিউআর চালুর মাধ্যমে এই জটিলতা দূর হবে। এখন থেকে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই গ্রাহকরা নিজেদের পছন্দের ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান, দেশের আর্থিক ব্যবস্থাকে ধীরে ধীরে ক্যাশলেস বা নগদবিহীন সমাজে রূপান্তর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়লে টাকা ছাপানোর ব্যয় কমবে এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।
অপর ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শপিংমল পর্যন্ত সর্বত্র বাংলা কিউআর ব্যবহার করা সম্ভব হবে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং সরকারের রাজস্ব আদায়ও ইতিবাচকভাবে প্রভাবিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে ডিজিটাল লেনদেনের প্রসারের পাশাপাশি নিরাপত্তা বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল লেনদেনকে কেন্দ্র করে ৮১ হাজার ৪২৩টি প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রতারক চক্র প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
এই বাস্তবতায় গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ব্যক্তিগত পিন নম্বর, ওটিপি বা অন্যান্য গোপন তথ্য কাউকে না দেওয়া এবং সন্দেহজনক লেনদেন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির সুবিধার পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতা বাড়লেই বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ ও কার্যকর ডিজিটাল লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে।
কসমিক ডেস্ক