ফুটবল ইতিহাসে লিওনেল মেসির অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও বার্সেলোনার কিংবদন্তি ও তার দীর্ঘদিনের সতীর্থ জাভি হার্নান্দেজের কাছে বিষয়টি একেবারেই পরিষ্কার। জাভির মতে, মেসির সঙ্গে অন্য কোনো ফুটবলারের তুলনা চলে না। তিনি আর্জেন্টাইন মহাতারকাকে ফুটবলের ‘মাইকেল জর্ডান’ হিসেবে অভিহিত করেছেন।
সম্প্রতি নিজের স্মৃতিচারণমূলক এক লেখায় জাভি জানান, বার্সেলোনার একাডেমিতে যোগ দিতে যাওয়া এক আর্জেন্টাইন কিশোর সম্পর্কে প্রথমবার শুনেছিলেন তিনি। তখন অনেকেই বলেছিলেন, ছেলেটি অসাধারণ প্রতিভাবান। তবে শুরুতে তিনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু ২০০৪ সালে প্রথমবার অনুশীলনে মেসিকে দেখে তার ধারণা সম্পূর্ণ বদলে যায়।
জাভির ভাষায়, প্রথম দিনেই তিনি বুঝেছিলেন মেসি অন্য সবার চেয়ে আলাদা। বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, পাসিং এবং খেলার সামগ্রিক বোধ—সবকিছুতেই অসাধারণ ছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই মেসি ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন বলে মন্তব্য করেন স্প্যানিশ এই কিংবদন্তি।
বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলার অভিজ্ঞতা তুলে ধরে জাভি বলেন, মেসির সঙ্গে মাঠে খেলা ছিল অত্যন্ত সহজ। কারণ তিনি সবসময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন এবং সতীর্থদের খেলাকে সহজ করে তুলতেন। তার সঙ্গে খেলার সুযোগ পাওয়া ছিল নিজের জন্য সৌভাগ্যের বিষয়।
বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় আসেন মেসি। ৩৮ বছর বয়সেও তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ জাভি। তিনি জানান, ম্যাচ শেষে মেসিকে বার্তা পাঠিয়ে মজা করে লিখেছিলেন যে, তার খেলা দেখে শুধু হাসতেই ইচ্ছে করে।
মেসির সবচেয়ে বড় শক্তি হিসেবে তার ফুটবল বুদ্ধিমত্তার কথা উল্লেখ করেন জাভি। তার মতে, মেসি সবসময় খেলার পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করেন। অনেক সময় তাকে হাঁটতে দেখা গেলেও বাস্তবে তিনি মাঠের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছেন।
শেষ পর্যন্ত মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আখ্যা দিয়ে জাভি বলেন, গত দুই দশক ধরে বিশ্বের সেরা পর্যায়ে টিকে থাকা, প্রতিযোগিতার প্রতি তার ক্ষুধা এবং ধারাবাহিক সাফল্য তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। তার বিশ্বাস, ভবিষ্যতে মেসির মতো আর কোনো ফুটবলার দেখা যাবে না।
কসমিক ডেস্ক