আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার পবিত্রতা বজায় রাখতে এবার মাঠপর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টুরোডে সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকার অতীতের মতো এবারও সফল হবে বলে আশা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেউ প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেও মাঠপর্যায়ে গিয়ে পরিস্থিতি তদারকি করবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
দেশজুড়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ড থাকা প্রয়োজন। বিশ্বের অনেক বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হয়, তাই ভবিষ্যতে বাংলাদেশেও এ পদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রণালয়কে নিজের ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে এমন একটি ভিত্তি তৈরি করতে চান, যা দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে স্বচ্ছতা আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের সমন্বয়ে তিন স্তরের স্ক্রিনিং প্রক্রিয়া চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সহ-সভাপতি শাহেদ মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আসিফ হাসান কাজল, অর্থ সম্পাদক নাজিউর রহমান সোহেলসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক