চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করা হবে।
বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশান-এ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে তিনি জানান, নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। তার মতে, এ বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মেলন নিয়েও কথা বলেন দলটির মহাসচিব। তিনি জানান, চলতি বছরের মধ্যেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। যদিও এখনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি, তবে শিগগিরই সম্মেলন আয়োজনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দলটির সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।
সরকার ও দলের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের পর স্বাভাবিকভাবেই কিছু সময় প্রয়োজন হয়। দলের অনেক নেতাকর্মী বর্তমানে সরকারের দায়িত্বে থাকায় সাংগঠনিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু করতে কিছুটা সময় লাগছে। তবে দলীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ধীরে ধীরে তা আরও সক্রিয় হবে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য দেন। তার মতে, আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব হিসেবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সরকার এখন পর্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে তিনি দাবি করেন।
সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব বিষয়ে দল একমত হয়েছে, সেগুলোর প্রতি তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেসব বিষয় চাপিয়ে দেওয়া হতে পারে, সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
কসমিক ডেস্ক