নওগাঁর সাপাহার উপজেলায় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত লোকমান আলী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তিনি উপজেলার পাতাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের নিয়মিত কর্মী ছিলেন।
মঙ্গলবার বিকেলে পাতাড়ি ইউনিয়নে আয়োজিত ধানের শীষের এক নির্বাচনি পথসভায় নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ফুলেল মালা পরিয়ে তাকে দলে স্বাগত জানান। লোকমান আলী পাতাড়ি গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দেশপ্রেমিক মানুষ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি বলেন, লোকমান আলীর বিএনপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিল চৌধুরী লাকি, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম।
এ ছাড়া সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে লোকমান আলী বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার এই যোগদানের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে।