প্রতীক নয়, যোগ্যতা দেখে ভোট দিন: রুমিন ফারহানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রতীক নয়, যোগ্যতা দেখে ভোট দিন: রুমিন ফারহানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
প্রতীক নয়, যোগ্যতা দেখে ভোট দিন: রুমিন ফারহানা ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দুটি ‘দোষের’ কথা তুলে ধরে বলেছেন, তিনি যা বলেন তা-ই করেন এবং স্বভাবগতভাবে তিনি রাগী। তার মতে, বাস্তব রাজনীতিতে কাজ করতে গেলে এই দুটি বিষয় অনেক সময় এড়িয়ে চলা সম্ভব নয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তার প্রথম দোষ হলো—তিনি মানুষের মন রক্ষা করার জন্য মিষ্টি কথা বলতে পারেন না। যা বিশ্বাস করেন, সেটাই সরাসরি বলেন এবং সেটাই করেন। দ্বিতীয় দোষ হিসেবে তিনি নিজেকে রাগী মানুষ উল্লেখ করে বলেন, রাগী না হলে এ দেশে রাজনীতিতে টিকে থাকা ও কাজ করা কঠিন।

তিনি আরও বলেন, একদিন প্রয়োজনে তিনি কঠোর না হলে তার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। ওই দিন তিনি শুধু বোঝাতে চেয়েছিলেন যে প্রয়োজন হলে তিনি দৃঢ় অবস্থান নিতে পারেন।

একই সভায় তিনি বলেন, চাইলে তিনি নারী কোটায় সংসদ সদস্য হতে পারতেন। তবে সরাসরি নির্বাচিত হয়ে এলে জনগণের জন্য কাজ করার সুযোগ অনেক বেশি থাকে বলেই তিনি এই কঠিন লড়াইয়ে নেমেছেন।

এর আগে বিকেলে সরাইল উপজেলার জয়ধর কান্দি এলাকায় আরেকটি নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, শুধু প্রতীক দেখে ভোট দেওয়া ঠিক নয়। প্রার্থীর যোগ্যতা, সততা ও সাহস আছে কি না—সেটিও বিবেচনায় নিতে হবে। তার ভাষায়, একা দাঁড়িয়ে লড়াই করার মতো মানসিক শক্তি না থাকলে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলটি জোটসঙ্গী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ সিদ্ধান্তের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৩০০ আসনের মধ্যে ২৯৭টির সরকারি ফলাফল প্রকাশ

৩০০ আসনের মধ্যে ২৯৭টির সরকারি ফলাফল প্রকাশ