জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা ৫ আগস্টের আগে বাকশক্তিহীন ছিলেন, তারা এখন বাকশক্তি ফিরে পেয়ে জুলাই যোদ্ধাদের ত্যাগ ভুলে গেছেন। তিনি বলেন, বাকহীন মানুষ আজ বাকশক্তি পেয়ে দম্ভ ও অহংকারে মেতে উঠেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেড় বছরেরও কম সময়ের মধ্যে কিছু মানুষের আচরণে অস্বাভাবিক দম্ভ লক্ষ্য করা যাচ্ছে। তার ভাষায়, আগে যাদের মানুষ ছিল না, এখন তাদের ডাকে অসংখ্য মানুষ জড়ো হয়। কমিটিতে জায়গা দিতে চাইলে লাইন পড়ে যায়। এখন তাদের সৌকত, জৌলস ও প্রভাব বেড়েছে।
তিনি বলেন, ‘যারা এতদিন বাকশক্তিহীন ছিল, জুলাই যোদ্ধা আবু বক্কর নিজের বাকশক্তি হারিয়ে তাদের বাকশক্তি ফিরিয়ে দিয়েছে। অথচ আজ তারা বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছে।’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, যে কারণে জুলাই যোদ্ধারা বাকশক্তি হারিয়েছেন, যে আদর্শ ও পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা রাজপথে নেমেছিলেন—সেই বিষয়গুলো নিয়ে আজ খুব কম মানুষ কথা বলছে। তিনি বলেন, ‘আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, মাইনুদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছে, সেসব নিয়ে কাউকে কথা বলতে শোনা যায় না।’
তিনি আরও বলেন, অতীতেও এ দেশের মাটিতে দম্ভ ও অহংকার দেখা গেছে। ফ্যাসিবাদের দম্ভও কম ছিল না। কিন্তু সময় কাউকে ছাড় দেয় না। তার ভাষায়, ‘ফ্যাসিবাদীরা আজ কোথায়—ইতিহাসই তার উত্তর।’
বক্তব্যে তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে আত্মসমালোচনার আহ্বান জানান এবং জুলাই আন্দোলনের আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় এনসিপি ও জামায়াত জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক