বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়ন ও অসদাচরণের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিসিবি।
গত সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন তদন্ত কমিটি জাহানারা আলমের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। এর মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরপর বিষয়টি তদন্তে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। প্রায় দুই মাস ধরে সাক্ষ্যগ্রহণ ও প্রাসঙ্গিক তথ্য যাচাই শেষে কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
বিসিবি জানায়, তদন্তে পাওয়া ফলাফলের আলোকে হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে সংস্থাটির শূন্য-সহনশীলতা নীতি অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে বিসিবির আইনি বিভাগকে ইতোমধ্যে সম্পৃক্ত করা হয়েছে। বিসিবি তাদের বিদ্যমান বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
তবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বা ভবিষ্যতে দেশের ক্রিকেট কার্যক্রমে তাঁকে যুক্ত না করার বিষয়ে বিসিবি কী সিদ্ধান্ত নেবে—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। উল্লেখযোগ্য যে, বিসিবির সঙ্গে মঞ্জুরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাধীন তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। বিসিবি জানিয়েছে, নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে।
এই প্রতিবেদন প্রকাশের পর নারী ক্রিকেটে পেশাগত পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে।
কসমিক ডেস্ক