সংশোধিত তামাক অধ্যাদেশ সংসদে আইনে রূপ দেওয়ার দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংশোধিত তামাক অধ্যাদেশ সংসদে আইনে রূপ দেওয়ার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
সংশোধিত তামাক অধ্যাদেশ সংসদে আইনে রূপ দেওয়ার দাবি ছবির ক্যাপশন:
ad728

তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং। সংগঠনটির মতে, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের নেওয়া এই গুরুত্বপূর্ণ উদ্যোগ স্থায়ী রূপ পেতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে অধ্যাদেশটি আইন হিসেবে অনুমোদন করা জরুরি।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ এবং পরবর্তী করণীয়’ শীর্ষক অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। তামাক নিয়ন্ত্রণে তরুণ নেতৃত্বদের দক্ষতা বৃদ্ধি, কৌশলগত জ্ঞান অর্জন এবং নেতৃত্ব গঠনের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আখতারউজ-জামান বলেন, বাংলাদেশ সরকার ২০২৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ’ জারি করে জনস্বাস্থ্য সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তবে অধ্যাদেশটির কার্যকারিতা দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে হলে এটি সংসদে পাস করে আইনে পরিণত করা প্রয়োজন। তিনি বলেন, এ ক্ষেত্রে তরুণ সমাজের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বলেন, টোব্যাকো অ্যাটলাস ২০২৫ অনুযায়ী প্রতিবছর বাংলাদেশে তামাকজনিত কারণে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। তিনি নির্বাচন–পরবর্তী নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অধ্যাদেশটিকে দ্রুত আইনে রূপ দিতে তরুণদের বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর তরুণদের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, তামাকবিরোধী তরুণ অ্যাডভোকেটরা দীর্ঘদিন ধরে তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের যথাযথ জ্ঞান ও দক্ষতায় আরও সমৃদ্ধ করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তাঁর মতে, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের সক্ষম করে তুললে তামাকের ব্যবহার কমানো এবং একটি স্বাস্থ্যকর ও তামাকমুক্ত জাতি গঠন করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণদের সংগঠিত ও দক্ষ উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা নতুন নেতৃত্ব তামাক নিয়ন্ত্রণ আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি ড. এস এম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তামাকের ক্ষতিকর দিক, তামাক নিয়ন্ত্রণের কৌশল, নেতৃত্ব উন্নয়ন এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫–এর বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন আব্দুস সালাম, হুমায়রা সুলতানা ও আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের কো-অর্ডিনেটর মারজনা মুনতাহা।

অনুষ্ঠানের শেষাংশে বক্তারা একমত পোষণ করেন যে, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত সংসদে পাস হলে তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে পারবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে গড়াল রাজনৈতিক উত্তাপ? টসের সময় হাত মেলালেন না ভারত-বাংল

মাঠে গড়াল রাজনৈতিক উত্তাপ? টসের সময় হাত মেলালেন না ভারত-বাংল