জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, এনসিপি তরুণদের কার্ডের নামে ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি। সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আমরা তরুণদের ভাতা দিয়ে পরনির্ভরশীল করে রাখতে চাই না। আমরা চাই তারা আত্মনির্ভরশীল হোক, কর্মসংস্থান পাক এবং দেশের উন্নয়নে অবদান রাখুক।’ তিনি দাবি করেন, বিএনপির ফ্যামেলি কার্ডের প্রতিশ্রুতি বাস্তবতা বিবর্জিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এটি প্রচার করা হচ্ছে।
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা এবং নারীদের শ্লীলতাহানির রাজনীতির সঙ্গে জড়িত আওয়ামী লীগ পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, একই পথে হাঁটলে তাদের পরিণতিও ভিন্ন হবে না। এমনকি আগামী নির্বাচনে ভূমিধস পরাজয়ের মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কুমিল্লা বিভাগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, অতীতে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে কুমিল্লাকে বঞ্চিত করেছে। এনসিপি নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
গণভোট প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ধানের শীষ, দাঁড়িপাল্লা কিংবা রিকশা—যে প্রতীকেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তার ভাষায়, গণভোটে ‘হ্যাঁ’ সিল দিলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ বন্ধ হবে।
তিনি আরও বলেন, ‘আজও আমরা দেখছি পুরোনো কায়দায় সহিংস রাজনীতি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা তারই প্রমাণ।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকেই ছাড় দেবে না।
পথসভা শেষে তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-৮ আসনের মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনের মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহান।
কসমিক ডেস্ক