ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায়। তার অভিনীত সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উৎসবের আমেজ। তবে বাণিজ্যিক সাফল্যের এই ধারাবাহিকতার মাঝেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতা শূন্যই রয়ে গেল এই সুপারস্টারের।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে নেই তার নাম। ফলে পঞ্চমবারের মতো এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার স্বপ্ন এবার পূরণ হলো না শাকিবের।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি গত বছর মুক্তির পর থেকেই ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। প্রেক্ষাগৃহে দর্শকের দীর্ঘ লাইন, টিকিট বিক্রির রেকর্ড এবং আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সিনেমাটি শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ মেকআপম্যান—এই পাঁচটি বিভাগে সম্মাননা অর্জন করে।
এই সাফল্যের কারণে ভক্তদের বড় একটি অংশের প্রত্যাশা ছিল, ‘প্রিয়তমা’ সিনেমার জন্যই হয়তো পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতবেন শাকিব খান। এর আগে তিনি ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ এবং ‘সত্তা’ সিনেমার জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন।
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শাকিব খান। ক্যারিয়ারের শুরুটা সহজ না হলেও ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ঘুরে দাঁড়ান তিনি। এরপর অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে টানা প্রায় এক দশক ঢালিউড ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন।
ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিকের অঙ্কও দ্রুত বেড়েছে। শুরুতে যেখানে পারিশ্রমিক ছিল এক লাখ টাকারও কম, সেখানে ২০০৮ সালেই ছবিপ্রতি ৪০ লাখ টাকা নেওয়া শুরু করেন তিনি। ‘প্রিয়তমা’র সাফল্যের পর ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’-এর মতো সিনেমায় নিজের পারিশ্রমিক আরও বাড়িয়েছেন এই তারকা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত স্বীকৃতি না পেলেও বক্স অফিস সাফল্য ও দর্শকের ভালোবাসায় যে শাকিব খান এখনও ঢালিউডের ‘নাম্বার ওয়ান’ তারকা, তা তার বর্তমান ব্যস্ততা ও পারিশ্রমিকের অঙ্কই স্পষ্ট করে দেয়।
কসমিক ডেস্ক