বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। রবিবার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইএসপিআরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে।
এ সময় সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই পক্ষ। উভয় দেশই প্রতিরক্ষা খাতে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এছাড়া আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
আইএসপিআর জানায়, এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক