ত্রিশালে আকিজ সিরামিকসে বড় রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রিশালে আকিজ সিরামিকসে বড় রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
ত্রিশালে আকিজ সিরামিকসে বড় রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন ছবির ক্যাপশন:

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত আকিজ সিরামিকস লিমিটেডে ১৮.৬৯ মেগাওয়াটপিক (MWp) ক্ষমতার একটি রুফটপ সোলার প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) অর্থায়িত এই প্রকল্পটি বাংলাদেশের শিল্পখাতে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান উলরিখ ক্লেপম্যান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএফডব্লিউ (KfW)-এর পরিচালক মাইকেল সামসার-হেলস্টার্ন, ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ এবং আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. কে. বশির উদ্দিন।

এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১০১.৪৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৭৬.৮৩ কোটি টাকা অর্থায়ন করেছে ইডকল।

প্রকল্পটি চালু হলে প্রতিবছর প্রায় ১৯,৫০০ মেগাওয়াট-ঘণ্টা (MWh) পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি প্রতি বছর প্রায় ১৪,৬২৬ টন কার্বন ডাই-অক্সাইড (CO₂) নিঃসরণ কমাতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

প্রকল্পটির মোট সক্ষমতার মধ্যে ইতোমধ্যে ১০ মেগাওয়াটপিক নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উলরিখ ক্লেপম্যান বলেন, এই প্রকল্পটি জার্মানি ও বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার একটি শক্তিশালী অংশীদারিত্বের উদাহরণ।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতায় বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু কর্মসূচিকে সমর্থন করতে জার্মানি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

কেএফডব্লিউ-এর পরিচালক মাইকেল সামসার-হেলস্টার্ন বলেন, ইডকলকে দেওয়া ৬০ মিলিয়ন ইউরোর অর্থায়ন শিল্পখাতে কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাস্তবায়নে সহায়তা করছে।

ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ বলেন, বর্তমানে বেসরকারি খাতে রুফটপ সৌর বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে।

তিনি জানান, এ প্রেক্ষাপটে ইডকল ২০৩০ সালের মধ্যে ১,১৫০ মেগাওয়াটপিক রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ইডকল প্রায় ২২০ মেগাওয়াটপিক সক্ষমতার প্রকল্পে অর্থায়ন করেছে এবং ২০০ মেগাওয়াটপিকেরও বেশি সক্ষমতার প্রকল্প বর্তমানে পাইপলাইনে রয়েছে।

আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. কে. বশির উদ্দিন বলেন, এই প্রকল্পটি টেকসই উন্নয়নের প্রতি আকিজ বশির গ্রুপের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

তিনি জানান, ইডকলের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আকিজ বশির গ্রুপ ইতোমধ্যে মোট ৬৭ মেগাওয়াটপিক সক্ষমতার ১১টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে।

উদ্বোধন শেষে অতিথিরা সৌর বিদ্যুৎ স্থাপনা এবং কারখানা প্রাঙ্গণ পরিদর্শন করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে ৫ জন নিহত

নওগাঁয় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে ৫ জন নিহত