চব্বিশের গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার (২৬ জানুয়ারি) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ রায় প্রদান করা হবে।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি দ্বিতীয় কোনো মামলার রায় হতে যাচ্ছে। এর আগে গত বছরের ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনাল থেকে প্রথম একটি মামলার রায় ঘোষণা করা হয়েছিল।
এ মামলার রায় ঘোষণার জন্য এর আগে গত ২০ জানুয়ারি দিন ধার্য ছিল। তবে সেদিন রায় ঘোষণা করা সম্ভব হয়নি। পরে ট্রাইব্যুনাল নতুন করে ২৬ জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।
মামলাটিতে মোট আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি চারজন পলাতক। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।
পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক চার আসামিসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
এই রায়কে ঘিরে বিচারাঙ্গন ও মানবাধিকার সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। রায় ঘোষণার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত সহিংসতার বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক