নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা-৬ আসনে মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সমাজে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেয়া হবে না। নারীদের মৌলিক অধিকার সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিত করা বিএনপির অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, নারীদের অধিকার সমুন্নত রাখতে বিএনপি অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ইশরাক হোসেন অভিযোগ করেন, বিগত দেড় বছর ধরে যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, তারা নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালানো হচ্ছে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়ে বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের উস্কানিমূলক বক্তব্যে কেউ যেন পা না দেয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও গণসংযোগের মাধ্যমেই জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন। এ সময় তিনি তাদের দীর্ঘদিনের আবাসন ও কর্মসংস্থান সংক্রান্ত সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পর্যায়ক্রমে ঘর বরাদ্দ দেয়া হবে। প্রয়োজনে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া বিগত সরকারের আমলে যেসব পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত হয়েছেন, তাদের পুনর্বহালের উদ্যোগ নেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত এই প্রার্থী। তিনি আরও বলেন, কোনো কর্মী মৃত্যুবরণ করলে তার পরিবারের একজনকে চাকরির সুযোগ দেয়ার ব্যবস্থা করা হবে।
রাজনৈতিক প্রতিহিংসা প্রসঙ্গে ইশরাক হোসেন স্পষ্ট করে বলেন, কেউ আওয়ামী লীগের সমর্থক হলেই তার প্রতি অন্যায় বা অবিচার করা হবে—এমনটি কখনোই হবে না। তার মতে, যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হবে, তবে তা হবে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। যে দলেরই সমর্থক হোক না কেন, নিরপরাধ মানুষের প্রতি কোনো ধরনের প্রতিহিংসাপরায়ণ আচরণ করবে না বিএনপি।
কসমিক ডেস্ক