টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে ঘিরে সম্প্রতি ফের বিয়ের গুঞ্জন ছড়ায় মুম্বাইয়ের বিনোদন অঙ্গনে। শোনা যাচ্ছিল, আবারও সংসার পাততে চলেছেন তিনি। পাত্র হিসেবে উঠে আসে জনপ্রিয় অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু করণ ওয়াহির নাম। তবে এই গুঞ্জনে এবার প্রকাশ্যেই জল ঢেলে দিলেন করণ ওয়াহি নিজেই।
২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার উইঙ্গেট। কিন্তু মাত্র দুই বছরের মাথায় সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর জেনিফার নিজেকে পুরোপুরি কাজে ও ব্যক্তিগত জীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখেন। অন্যদিকে করণ সিং গ্রোভার পরবর্তীতে অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। জেনিফার দীর্ঘদিন ধরেই সিঙ্গেল হিসেবেই পরিচিত।
এই প্রেক্ষাপটেই সম্প্রতি গুঞ্জন ওঠে, জনপ্রিয় ধারাবাহিক দিল মিল যায়ে–তে সহ-অভিনেতা করণ ওয়াহির সঙ্গে নাকি নতুন সম্পর্ক গড়ে উঠেছে জেনিফারের, যা বিয়ের দিকে গড়াতে পারে। দীর্ঘদিনের বন্ধুত্ব, পর্দার রসায়ন এবং একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণেই ভক্তদের মধ্যে এই জল্পনা আরও জোরালো হয়।
তবে এই জল্পনা নিয়ে করণ ওয়াহি ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। গুজব ছড়ানোর বিষয়টিকে কটাক্ষ করে তিনি লেখেন, “সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করে তোলার জন্য অনেক ধন্যবাদ।” তার এই মন্তব্যেই স্পষ্ট হয়ে যায়, বিয়ের খবরটি তিনি গুরুত্বের সঙ্গে নেননি।
এখানেই থামেননি করণ। জেনিফার উইঙ্গেটের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও অনেক বেশি গভীর হয়।” এই কথার মাধ্যমে তিনি পরিষ্কার করে দেন, তাদের সম্পর্কটি ভালোবাসা বা বিয়ের নয়, বরং দীর্ঘদিনের গভীর বন্ধুত্বের।
করণ ওয়াহির এই স্পষ্ট অবস্থানের পর বিনোদন মহলে ধারণা করা হচ্ছে, জেনিফারের বিয়ে নিয়ে যে আলোচনা চলছিল, তা নিছকই গুজব। বাস্তবে জেনিফার এখন নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য, অতীতে অ্যালোন সিনেমায় কাজ করার সময় বিপাশা বসুর সঙ্গে করণ সিং গ্রোভারের সম্পর্কের কারণেই জেনিফারের সংসার ভেঙেছিল—এমন গুঞ্জনও একসময় শোনা যায়। সেই তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে বর্তমানে জেনিফার নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন।
সব মিলিয়ে, করণ ওয়াহির বক্তব্যে পরিষ্কার—জেনিফার উইঙ্গেটের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের গণ্ডিতেই সীমাবদ্ধ, বিয়ের কোনো পরিকল্পনা নেই।
কসমিক ডেস্ক