জাতীয় সংসদের চলমান অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিবেশন চলাকালে এই কর্মসূচির ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান।
ওয়াকআউটের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিরোধীদলের যৌক্তিক আপত্তি থাকা সত্ত্বেও একাধিক গণবিরোধী বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ কারণে সংসদ ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার ঘোষণার পর জোটভুক্ত সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন তিনি। এতে সংসদে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
ওয়াকআউটের পর অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধীদলীয় সদস্যরা আলোচনায় অংশ নেওয়ায় সরকার তাদের ধন্যবাদ জানায়। তিনি আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে অংশগ্রহণ করবেন।
সংসদে বিল পাসকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদলের মধ্যে মতপার্থক্য থাকলেও, সংসদীয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কসমিক ডেস্ক