‘বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
‘বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা ছবির ক্যাপশন:

রাজধানী ঢাকায় জনসংখ্যা বৃদ্ধি এবং নগর সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে পুলিশি সেবা আরও কার্যকর করতে নতুন থানা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীতে আরও চারটি নতুন থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার জন্য আলাদা একটি থানা গঠন করা হবে। এ জন্য ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত থানার কিছু অংশ নিয়ে ‘বসুন্ধরা’ নামে নতুন থানা প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে রায়েরবাজার এলাকায়ও নতুন একটি থানা স্থাপনের উদ্যোগ চলছে।

মো. সরওয়ার জানান, রায়েরবাজার থানার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং দ্রুত অনুমোদনের চেষ্টা করা হচ্ছে। এছাড়া খিলগাঁও এলাকার একটি অংশ ভেঙে আরও একটি থানা এবং মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে আরেকটি নতুন থানা গঠনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, নতুন থানার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজও চলমান রয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় নতুন খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। সরকারি নির্দেশনা পাওয়ার পর ওই এলাকায় আনুষ্ঠানিকভাবে পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপ এবং পুলিশ লাইনস স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৬ হাজার পুলিশ সদস্য প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার আরও জানান, গত কয়েক মাসে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের জন্য নতুন আবাসন ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে এই আবাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও আবাসন সুবিধা বাড়ানো হবে।

বিশ্লেষকদের মতে, রাজধানীতে নতুন থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নাগরিক নিরাপত্তা এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা সহজ হবে। বিশেষ করে দ্রুত সম্প্রসারণশীল আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে আলাদা থানা স্থাপন করলে অপরাধ দমন এবং জনসেবার মান উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মিডিয়া কমিশন গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ

মিডিয়া কমিশন গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ