মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বড় সুখবর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বড় সুখবর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বড় সুখবর ছবির ক্যাপশন:
ad728

বীর মুক্তিযোদ্ধাদের জানুয়ারি মাসের সম্মানি ভাতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংক হিসাবে জমা না হলেও সমস্যা সমাধান হয়েছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) এর মধ্যেই সব সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন।

সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মানি ভাতা সরাসরি ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সেই নিয়ম অনুসারে গত ২৯ জানুয়ারি জানুয়ারির ভাতা জমা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে টাকা জমা না হওয়ায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক বন্ধ ছিল। ফলে টানা কয়েক দিন ভাতা না আসায় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারগুলোর দুশ্চিন্তা আরও বেড়ে যায়। আজ রোববার (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও ভাতার টাকা জমা না হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেন।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, অনলাইনে সামান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। এতে করে সুবিধাভোগীরা সাময়িকভাবে সমস্যায় পড়েন।

তিনি বলেন, “ইতোমধ্যে ওই প্রযুক্তিগত ত্রুটি সংশোধন করা হয়েছে। আমরা আশা করছি, আগামীকালের মধ্যে সব সুবিধাভোগী তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন।”

উল্লেখ্য, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়। এই ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হলেও মাঝে মধ্যে প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িক বিলম্বের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভাতা বিতরণ সংক্রান্ত এই সুখবরে অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন। তারা দ্রুত ভাতা পাওয়ার আশায় অপেক্ষা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স