শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির কঠোর প্রস্তুতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির কঠোর প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির কঠোর প্রস্তুতি ছবির ক্যাপশন:

সীমান্ত ও উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফের নবসৃজিত সি-বিচ বিওপি উদ্বোধন করেছেন।

বুধবার সকালে পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এবং টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে টেকনাফের শাহপরীরদ্বীপে বিজিবি মহাপরিচালকের সভাপতিত্বে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সমন্বয় সভায় বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সব দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে নবনির্মিত বিওপি উদ্বোধন করেন। সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সার্বিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই বিওপিটি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তা ব্যবস্থায় আরও কার্যকারিতা আসবে বলে আশা করা হচ্ছে।

পরে তিনি টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় নবনির্মিত সি-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এ বিওপিতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, মনোবল ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিরাপত্তার দায়িত্ব পালন করত। পরে এ দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল পুনরায় সেন্টমার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন করা হয়। নবনির্মিত বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে সেখানে বিজিবির কার্যক্রম এখন পূর্ণাঙ্গ রূপ পেল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানে নতুন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করছে ইসরায়েল

ইরানে নতুন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করছে ইসরায়েল