ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় আসছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় আসছে

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় আসছে ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শনিবার (৯ মে) সকালে মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ পাঠানো হয়। দুবাইয়ে যাত্রাবিরতির পর শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক, সহপাঠী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়। সে সময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ঘটনার সূত্রপাত হয় গত ১৬ এপ্রিল। ওই দিন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বৃষ্টি ও লিমন নিখোঁজ হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানালে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের নিচ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ২৬ এপ্রিল পার্শ্ববর্তী একটি জলাশয় থেকে বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পর ১ মে পুলিশ নিশ্চিত করে যে উদ্ধার হওয়া দেহাবশেষ বৃষ্টির।

মার্কিন আদালত ও পুলিশ সূত্র জানিয়েছে, অভিযুক্ত হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাস ও মিয়ামি কনস্যুলেট শুরু থেকেই স্থানীয় পুলিশ, এফবিআই এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।

মেধাবী দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লাইসেন্স ছাড়া পণ্য তৈরি, মোবাইল কোর্টের জরিমানা

লাইসেন্স ছাড়া পণ্য তৈরি, মোবাইল কোর্টের জরিমানা